নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের আলীপুর এলাকার একটি নকল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ।
এ সময় মো. শাহিনুর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অভিযানে নকল চা পাতা, সিগারেট, গুঁড়া মসলা ও মশা মারার কয়েলসহ বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়। একই সাথে ওই কারখানাটি সিলগালা করা হয়।
পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ওই অভিযান পরিচালনা করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানকালে কারখানার ভেতরে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের মোড়কে প্যাকেটজাত নকল চা পাতা, নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি সিগারেট, ভেজাল গুঁড়া মসলা ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা মশার কয়েল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
তিনি কারখানার গুদাম সিলগালা করার নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এ ব্যাপারে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, শহরের আলীপুর এলাকায় নকল পণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক মো. শাহিনুরের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।