নতুন খবর রিপোর্ট
“ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম; পারসিস্টিং ইস্যুজ,
নিউ চ্যালেঞ্জেস,ইনোভেটিভ রেসপন্সেস”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন ) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে শহরের কবি জসীম উদ্ দীন হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( এডিএম ) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম আবদুল হালিম, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল এবং শহীদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার।
সভায় প্রধান অতিথি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের অপব্যবহার রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্য বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনোভাবেই মাদক গ্রহণ বা এর বিস্তারকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশিত হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি কবি জসীমউদ্ দীন হলে গিয়ে শেষ হয়।