নতুন খবর রিপোর্ট
ফরিদপুর সদর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬) নামে এক যুবককে আটক করেছে।
বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার কানাইপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে দিকে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় কানাইপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে মো. জহির মোল্লা ওরফে জহিরকে আটক করা হয়।
আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনাটি আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।