নতুন খবর রিপোর্ট
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম ওরফে রিঙ্কু।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীত্ব পেলেন শামা ওবায়েদ।
তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের (ফরিদপুর ) দায়িত্বেও রয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে বিএনপি ও সচিবালয় সূত্রে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরী শামা ওবায়েদ ইসলাম ওরফে রিঙ্কু।
তিনি ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আরও সুসংহত করেন শামা। পেশা রাজনীতি ও ব্যবসায়ী।
শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু ১৯৭৩ সালের ১৪ মে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার বাবা কে এম ওবায়দুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়ে পরে মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।
পরে ১৯৭৯ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন।
১৯৭৯ সালে নির্বাচিত হয়ে তিনি শহীদ জিয়ার সরকারে বিমান ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০১ সালে ওবায়দুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিত্ব করেন।
শামা ওবায়েদ ইসলাম রাজধানীর ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা শুরু করেন। পরে তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন।
এরপর উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী হন। সেখানকার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রে একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন।
ব্যক্তিগত জীবনে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাজহারুল ইসলামের ছেলে শোভন ইসলামকে বিয়ে করেন।এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শামা ওবায়েদ রাজনীতিবিদ পরিবার থেকে এসেছেন। তার বাবা কে এম ওবায়দুর রহমান ২০০৭ সালে মার্চ মাসে মারা যান। ২০০৮ সালে ফরিদপুর আসন-২ থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান রিঙ্কু । কিন্তু আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে হেরে হন।
২০১৮ সালেও বিএনপির প্রার্থী ছিলেন রিঙ্কু। কিন্তু রাতের ভোটে পরাজিত হন তিনি।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ফরিদপুর-২ ( সালথা- নগরকান্দা) আসন থেকে তিনি এক লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
শামা ওবায়েদ তার নির্বাচনী এলাকায় দুঃসময়ে জনগণের পাশে থেকেছেন।সেই কারণে মানুষের ভালোবাসায় তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
রিঙ্কুর মন্ত্রীত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকার দুই উপজেলার বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ আনন্দের জোয়ারে ভাসছেন।
তারা বলছেন, রিঙ্কুকে মন্ত্রীত্ব দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ এলাকার ভোটারদের সম্মানিত করার পাশাপাশি রিঙ্কুকেও মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছেন বলে আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।