নতুন খবর রিপোর্ট
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুসহ মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু এক লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ অপর চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।
ভোট গণনা শেষে দেখা যায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী আকরামুজ্জামান ৬১৭ ভোট, গণ অধিকার পরিষদের (ট্রাক) ফারুক ফকির ৬৭৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. নাজমুল হাসান ২৫৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী শাহ মো. জামাল উদ্দিন পেয়েছেন ২ হাজার ৩৬৮ ভোট।
১১৭টি ভোট কেন্দ্রে অনেক প্রার্থী শূন্য ভোট পেয়েছেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়।
সে হিসেবে ওই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ২৬ হাজার ৮৬৫ ভোট।
কিন্তু প্রথম দুজন বাদে অপর চারজন পেয়েছেন মোট ৩৯১৭ ভোট, যা মোট বৈধ ২ লাখ ১৪ হাজার ৯১৬ ভোটের শতকরা প্রায় ২ ভাগ।
এই আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১৮ হাজার ৮৩১ ভোটের মধ্যে বাতিল হয়েছে তিন হাজার ৯১৫ ভোট। বিধি অনুযায়ী এই আসনে দুজন বাদে চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।