নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে ছয় হাজার ৯৮৫ পিছ ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
ইয়াবা টেবলেটের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল তিন টার দিকে নগরকান্দা উপজেলার জয় বাংলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) এবং একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।